
চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত ভবন থেকে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) ভবনটির দ্বিতীয় তলায় রাখা একটি কালো শপিং ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্র ও গুলি পাওয়া যায়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার পরিত্যক্ত শিক্ষাভবনটিতে অভিযান চালানো হয়। এ সময় দ্বিতীয় তলায় একটি কালো শপিং ব্যাগ দেখতে পান পুলিশ সদস্যরা। ব্যাগটি খুলে ম্যাগাজিনসহ একটি ‘টরাস’ পিস্তল, দুটি অতিরিক্ত খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল।
তবে লুট হওয়া অস্ত্রটি কীভাবে পরিত্যক্ত ভবনটিতে এল, কারা সেখানে এটি রেখেছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।