
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাসপাতালটিতে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ উদ্যোগ নেন।
কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন সংসদ সদস্য। এ সময় তিনি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের সম্পদ মনে করে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আনিছুর রহমান বলেন, নিজের ঘর পরিষ্কার রাখার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করাও প্রত্যেকের দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে পরিষ্কার, স্বাস্থ্যকর ও ব্যবহার উপযোগী রাখতে সবার সচেতন হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠানে মানুষ সেবা নিতে যায়, সেগুলোকে নিজের বাড়ির মতো বিবেচনা করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং বিপদে-আপদে তাঁদের পাশে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাঁর কর্মী হিসেবেও তাঁরা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ লক্ষ্য বাস্তবায়নে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধের এ কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।