
সরবরাহ সংকটের সুযোগে গোপনে মজুত—ভারতের হায়দরাবাদের একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, সেখান থেকে লুকিয়ে রাখা মোট ৪১৪টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক গ্যাস সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র এসব সিলিন্ডার জমা করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির কারণে দেশে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে।
কর্মকর্তা সুজাতা শর্মা জানান, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে প্রায় ২ হাজার ৬০০টি অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এসব অভিযানের ধারাবাহিকতায় হায়দরাবাদের ওই কবরস্থান থেকে বিপুল পরিমাণ সিলিন্ডার উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া সিলিন্ডার এবং সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ রুপি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।