
দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবন অভিমুখে মিছিল ও বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গত বছরের দাঙ্গা ও সরকারবিরোধী আন্দোলনের এক বছর পূর্তিতে রাজধানীজুড়ে এ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ২০০৮ সাল থেকে ঝুলে থাকা ‘সম্পদ বাজেয়াপ্তকরণ বিল’ দ্রুত পাসের দাবি জানান। প্রস্তাবিত আইনের আওতায় অপরাধ প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হবে। বিক্ষোভকারীদের একটি অংশ দুর্নীতিবাজদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবিও তোলে।
আন্দোলনের মুখে পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদসহ শীর্ষ আইনপ্রণেতারা বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিলটি পাস করতে ব্যর্থ হলে পদত্যাগ করবেন—এমন লিখিত অঙ্গীকারও করেন তারা।
দুর্নীতির বিরুদ্ধে দাবির পাশাপাশি বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা সাম্প্রতিক দুর্নীতি ও খাবারে বিষক্রিয়ার অভিযোগে বিতর্কিত বিনামূল্যের টিফিন কর্মসূচি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সামরিকীকরণের প্রবণতা বন্ধেরও দাবি তোলেন তারা।
দিনভর বিক্ষোভের পর সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের একটি অংশ নিরাপত্তাবেষ্টনী ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ সময় একটি পুলিশ পোস্ট ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বিক্ষোভ ঘিরে জাকার্তাজুড়ে ১৮ হাজার ৫০০-এর বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশ পরিবেশ বিনষ্টের অভিযোগে ৬৫ জনকে আটক করে।
জাকার্তার পাশাপাশি ইয়োগ্যাকার্তা ও মাকাসার শহরেও দুর্নীতিবিরোধী বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।