
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে তিন মাসব্যাপী বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’-এর আয়োজন করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কার্নিভালের বিস্তারিত তুলে ধরা হয়। সম্মেলনে জানানো হয়, স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড'কে বাস্তবায়ন সহযোগী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, কক্সবাজারের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পর্যটকদের বিনোদন, জ্ঞানচর্চা ও অ্যাডভেঞ্চারের কথা মাথায় রেখে পুরো কার্নিভাল প্রাঙ্গণকে ১৫টি বিশেষ জোনে সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য ওয়েলনেস জোন, নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ নিয়ে এক্সপেরিয়েন্স জোন এবং সমুদ্রের সান্নিধ্যে রাতযাপনের সুবিধাসহ ক্যাম্পিং জোন। উন্মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনার জন্য থাকছে ওপেন থিয়েটার জোন, আর মুক্ত পরিবেশে বই পড়া ও টেলিস্কোপের মাধ্যমে রাতের আকাশ পর্যবেক্ষণের সুযোগ মিলবে ওপেন লাইব্রেরি অ্যান্ড টেলিস্কোপ জোনে।
কেনাকাটার জন্য মার্কেট জোনে থাকবে স্থানীয় ও ঐতিহ্যবাহী পণ্যের সমাহার। এক্সিবিশন জোনে বিভিন্ন শিল্পকর্ম ও পর্যটন সংশ্লিষ্ট প্রদর্শনী এবং গেমিং জোনে আধুনিক ও আকর্ষণীয় সব গেমের ব্যবস্থা থাকবে। শিশুদের নির্মল বিনোদনের জন্য রাখা হয়েছে বিশেষায়িত কিডস জোন। ফুড জোনে পর্যটকরা পাবেন কক্সবাজারের ঐতিহ্যবাহী সামুদ্রিক খাবারসহ দেশি-বিদেশি নানা পদের স্বাদ। রোমাঞ্চপ্রেমীদের জন্য গো-কার্ট ও স্পোর্টস জোনে থাকছে গো-কার্টিং ও বিচ স্পোর্টসসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন।
এ ছাড়া অ্যাম্ফিথিয়েটার জোনে দেশীয় ও নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নানা আয়োজন, বালু ভাস্কর্য জোনে দেশি-বিদেশি বালু শিল্পীদের নির্মিত ভাস্কর্য প্রদর্শনী এবং চিত্রকর্ম জোনে দেশের খ্যাতনামা চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শিত হবে। সৈকত প্রাঙ্গণে সি-ভিউ বার-বি-কিউ জোনে থাকবে লাইভ বার-বি-কিউয়ের আয়োজন। পাশাপাশি পর্যটকদের বাড়তি আকর্ষণ হিসেবে হোটেল শৈবালের অভ্যন্তরে অবস্থিত পুকুরের চারপাশে থাকবে নানা দৃষ্টিনন্দন ও বিনোদনমূলক আয়োজন।
আয়োজকরা জানান, ২২ নভেম্বর থেকে পূর্ণমাত্রায় কার্নিভাল চালু করা হবে। তাঁদের আশা, এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানকাল বাড়বে এবং স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা ও পর্যটন সংশ্লিষ্ট সবার জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধির দ্বার উন্মোচিত হবে। কার্নিভালটি সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মোঃ গনী উল আজম। এ ছাড়া উপস্থিত ছিলেন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ারসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।