
কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে মুশফিকুর রহিম (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুশফিকুর রহিম সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। তাদের বাড়ি উপজেলার বলিরপাড়া এলাকায়।
পারিবারিক সূত্র জানায়, রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে শিশুটির চাচা লেদু মিয়া পানিতে একটি শিশুর দেহ ভাসতে দেখেন। পরে কাছে গিয়ে সেটি মুশফিকের বলে শনাক্ত করেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লেদু মিয়া বলেন, "ঘরে এবং উঠানে কোমরসমান পানি জমেছিল। আমার ভাইয়ের বউ ভাতিজাকে ঘরে রেখে বাইরে কাজ করছিল, একসময় মুশফিক পানিতে পড়ে স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে আমি ঘরে ফেরার সময় তার নিথর দেহ ভাসতে দেখি।"
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি জমে রয়েছে। তিনি বলেন, "গতরাতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।"
এদিকে, একই রাতে পাহাড় ধসে কক্সবাজার শহরে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত সাত দিনে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় ১৫ জন রোহিঙ্গাসহ মোট ২৮ জনের প্রাণহানি হয়েছে।