
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন। এর আগে গত ৩ নভেম্বর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন। দীর্ঘ চাকরিজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে কাজ করেছেন তিনি।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।
নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে স্বাগত জানাতে এসআরবির পক্ষ থেকে একটি দরবারের আয়োজন করা হয়। সেখানে বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জনকল্যাণকে গুরুত্ব দিয়ে আন্তরিকতা, পেশাদারত্ব ও জবাবদিহির সঙ্গে নিয়ম মেনে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাহিনীর সব পর্যায়ের সদস্যকে কাজ করার আহ্বান জানান তিনি।