
বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলুর পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে দলটি। এ ধরনের অপপ্রচারে কান না দিতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বুধবার এক বার্তায় শায়রুল কবির খান জানান, বরকতউল্লা বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে গতকাল রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বুধবার সকালে দেশটির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বরকতউল্লা বুলু।
বার্তায় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদের আস্থার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।