
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এই নীতিমালা বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে নীতিমালা অনুযায়ী একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহবুবা জুঁই। রিটকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইকরামুল হক টুটুল।
এর আগে একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবেন না—সরকারের এমন নীতিমালা চ্যালেঞ্জ করে পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ নীতিমালার কার্যকারিতার ওপর স্থিতাবস্থা জারি করেন।
পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে চেম্বার আদালত সরকারের পক্ষে আদেশ দেন।
সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করতে গত ২৭ আগস্ট নতুন এই নীতিমালা প্রণয়ন করে সরকার। নীতিমালা চ্যালেঞ্জ করে সারের ডিলাররা হাইকোর্টে রিট করেন। পরে নীতিমালার ওপর স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে সরকারের নীতিমালাই বহাল রাখলেন চেম্বার আদালত।