
উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি । এ স্কিমের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলা এবং কৃষিপণ্যের উৎপাদন, সংরক্ষণ, পরিবহন, বাজারজাত, প্রক্রিয়াজাত, মূল্য সংযোজন ও রফতানি সম্প্রসারণে অর্থায়ন করা হবে ।
এ লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২) ও রূপালী ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসিডি-২) এ.কে.এম. সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এছাড়া রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ও মাইক্রোক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক আব্দুল বারাকাতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে। বিশেষ করে কৃষিপণ্যের উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, সরবরাহ ও পরিবহন ব্যবস্থা, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন এবং রফতানি কার্যক্রমে অর্থায়নের মাধ্যমে কৃষিভিত্তিক ব্যবসা ও উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রূপালী ব্যাংক।
রূপালী ব্যাংক দেশের কৃষি, পল্লী অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়নে তার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।