
উত্তর কোরিয়া এমন একটি ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষা করেছে, যা দেশটির দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।
রোববার (২৯ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে যে, দেশটি উচ্চ ক্ষমতাসম্পন্ন, সলিড-ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা চালিয়েছে। এই পরীক্ষায় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন।
বিশ্লেষকরা মনে করছেন, এই পরীক্ষা নির্দেশ দেয় যে কিম জং উন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার আরও বড় এবং আধুনিক করার পরিকল্পনা করছেন।
প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম জং উন মিসাইল টেস্ট সেন্টারে পরীক্ষার তদারকি করছেন। কেসিএনএ জানিয়েছে, নতুন ইঞ্জিনটি কার্বন ফাইবার ব্যবহার করে তৈরি, যা সর্বোচ্চ আড়াই হাজার কিলোটন থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম।
নতুন ইঞ্জিনে কম্পোজিট কার্বন ফাইবার উপাদান সংযোজন করা হয়েছে। এর সর্বোচ্চ থ্রাস্ট প্রায় ২,৫০০ কিলোটন, যা গত বছরের সেপ্টেম্বরের অনুরূপ পরীক্ষার তুলনায় (প্রায় ১,৯৭১ কিলোটন) বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকদের মতে, ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা এই প্রচেষ্টা একটি ক্ষেপণাস্ত্রে একাধিক ওয়ারহেড বসানোর পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বাড়াতে পারে।
এর আগে কিম জং উন দেশটির পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ঘোষণা করেছিলেন যে, উত্তর কোরিয়াকে স্থায়ীভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে। তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রকে 'সন্ত্রাস ও আগ্রাসনের' অভিযোগেও অভিযুক্ত করেন।
কেসিএনএ পরীক্ষা কখন বা কোথায় হয়েছে তা প্রকাশ করেনি। তবে জানা গেছে, এটি দেশের পাঁচ বছর মেয়াদি সামরিক শক্তি বৃদ্ধি কর্মসূচির অংশ, যার লক্ষ্য কৌশলগত হামলার সক্ষমতা উন্নত করা।
সূত্র: এনবিসি নিউজ