
ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। রোববার গভীর রাতে চালানো এই অভিযানে অন্তত ১০ জন নিহত এবং আরও ৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ৭ জন শিশু ও ৩ জন নারী।
সোমবার এক বিবৃতিতে হুথি-শাসিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সানার প্রেসিডেন্টের সরকারি বাসভবন, দুটি বিদ্যুৎকেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপোসহ শহরের বেশ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, “গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি গোষ্ঠী নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এসব হামলার প্রতিক্রিয়াতেই সানায় এই বিমান অভিযান চালানো হয়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে হুথি গোষ্ঠী ইসরায়েলের ভূখণ্ড এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা শুরু করে।
গত দুই বছরে হুথিরা ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার মাধ্যমে লোহিত সাগর ও এডেন উপসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি