
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তিন দিনের ব্যক্তিগত সফরে কক্সবাজারে পৌঁছেছেন। ঢাকা থেকে বিমানযোগে আগমনের পর জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান এবং জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিমানবন্দর থেকে সিইসির গাড়ি বহর সরাসরি কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছায়, যেখানে তিনি রাত যাপন করবেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের অফিস আদেশ অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিইসি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে কক্সবাজারে ফিরে সার্কিট হাউজে রাত যাপন করবেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, এটি পূর্ণতই ব্যক্তিগত সফর, এবং রোববার সকালে তিনি আবার বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১ জুলাই নাসির উদ্দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। প্রায় ৩৫ বছর পর তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করান।