.jpeg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত সাকিব উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মাগুরা গ্রামের বাসিন্দা। তিনি এরশাদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলের ব্যবহার ও দায়িত্ব নিয়ে দুই ভাই সাকিব ও রাকিবের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নিলে ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের তথ্য পাওয়া গেছে। তবে মোটরসাইকেলটি পরিবারের নাকি অন্য কারও, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মরদেহ বর্তমানে বগুড়ায় রয়েছে।