
বরিশালের বাবুগঞ্জে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬ শত লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর মালিক মো. সিদ্দিকুর রহমান মোল্লা অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করেছিলেন, যার উদ্দেশ্য ছিল বাজারে কৃত্রিম সংকট তৈরি করা। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি মূলত ইট-বালু বিক্রির ব্যবসা করলেও সেখানে ডিজেল সংরক্ষণের কোনো অনুমতি ছিল না।
এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার প্রতিষ্ঠানে মজুদ থাকা ২ হাজার ৬ শত লিটার ডিজেল জব্দ করা হয়। পরে এসব জ্বালানি সরকারি নির্ধারিত দামে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।