
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে বুধবার (২৫ নভেম্বর) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।
ইসি পাঁচ ধাপে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তালিকা প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ১৯ নভেম্বর নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়।