
জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী রোববার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত অনলাইনে তাদের ভ্যাট রিটার্ন দাখিল করতে পারবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় করদাতাদের সুবিধার্থে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর জানায়, নির্বাচনকালীন ছুটির পাশাপাশি পবিত্র শবে বরাতের ছুটি এবং গত ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি (OTP) সার্ভার সাময়িকভাবে ডাউন থাকায় অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। করদাতাদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তি থেকে মুক্তি দিতেই সময় বাড়ানো হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর ক্ষমতাবলে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়াই অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।