
দেশের বিভিন্ন স্থানে আরবি হরফসংবলিত পতাকা প্রদর্শনের ঘটনাকে ঘিরে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করার অপচেষ্টা হতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে বর্তমানে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব সরকার দেখছে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করতে পারে। তার ভাষায়, কিছু সংগঠনকে চরমপন্থি বলা যেতে পারে। তবে দেশে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতা বা বড় ধরনের কোনো উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব আছে বলে সরকার মনে করে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীও স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী কোনো শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না।
সংবাদ ব্রিফিংয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকা, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থানও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।