রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যাচেষ্টা মামলায় আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায়, এদিন ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষও সেই আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে। শুনানি শেষে বিচারক তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকার কাছ থেকে তাকে আটক করে স্থানীয় জনতা ও কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেওয়া হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাসুদ হোসাইন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বুকে সংক্রমণ ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয়।
এ ঘটনায় গত বছর ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন আহত মাসুদ হোসাইন।