
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন একটি কাজ প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৩ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিওটি নিজেই প্রকাশ করেন শাকিব খান।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘শহর থেকে গ্রামে, নিজের দেশের নামে, সবাই জয়ধ্বনি তোলো’ শিরোনামের গানের সঙ্গে উৎসবমুখর পরিবেশে নাচ ও পারফরম্যান্স করছেন বিভিন্ন দেশের শিল্পীরা। পুরো প্রজেক্টটি গড়ে উঠেছে আন্তর্জাতিক কোলাবোরেশনের ভিত্তিতে।
শাকিব খান ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমার দেশ আমার গর্ব, জয়ধ্বনি দিয়ে করবো তার উদযাপন।’
জানা গেছে, এই বিগ বাজেট প্রজেক্টে মোট ছয়টি দেশের শিল্পী ও টিম যুক্ত হয়েছে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, তুরস্ক ও থাইল্যান্ড। বিভিন্ন দেশের সাউন্ড, সংস্কৃতি ও মিউজিক স্টাইল মিশিয়ে তৈরি করা হয়েছে এই ফিউশন কাজটি।
প্রজেক্টটির কেন্দ্রীয় মুখ হিসেবে আছেন শাকিব খান। পুরো ভিজ্যুয়াল ও কনসেপ্ট নির্মাণে কাজ করেছেন আদনান আল রাজীব। প্রকাশের পরপরই ভিডিওটি সামাজিক মাধ্যমে আলোচনায় আসে এবং শাকিব খানের পারফরম্যান্স নিয়ে ভক্তদের প্রশংসা দেখা যায়।