
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়রমিস্ত্রি সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন খারিজ করেছে আদালত, যা নতুন করে আইনি জটিলতায় ফেলেছে তাকে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন।
বর্তমানে আইভী গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আটক রয়েছেন। মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২৬ ফেব্রুয়ারি আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সামাদ। এর ফলে মোট ১১টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার পাঁচটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান আইভী। আরও পাঁচটি মামলায় জামিন মিললেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর তা স্থগিত রয়েছে এবং বিষয়টি আপিল বিভাগের শুনানির অপেক্ষায় আছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সেলিম মন্ডলকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার ভাই ওয়াজেদ আলী মামলা দায়ের করেন। মামলায় সাতজনকে নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৮০ জনকে অভিযুক্ত করা হয়।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন দাবি করেন, মামলার এজাহারে তার মক্কেলের নাম না থাকলেও ঘটনার প্রায় ১১ মাস পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা হয়রানিমূলক। তিনি আরও বলেন, তদন্ত কর্মকর্তা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন।
এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানান আইভীর আইনজীবী।