
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করেছে। এই সেল নির্বাচনী প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনও অভিযোগ দ্রুত কার্যকরভাবে সমাধান করতে কাজ করবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ টিমও এই সেলের সঙ্গে সমন্বয় বজায় রাখবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নির্বাচনী অভিযোগ বা তথ্যের ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও দ্রুত পদক্ষেপ গ্রহণে এই টিম সরাসরি যুক্ত থাকবে। তথ্যটি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার, ২২ জানুয়ারি।
সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন। এছাড়া অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি সার্বিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলের কার্যক্রম তিনটি শিফটে পরিচালিত হবে। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা, দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা, এবং তৃতীয় শিফট রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত চলবে।
সেলটি স্থাপিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলার কক্ষ নং-২২৬-এ। জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর ০১৫৫০০৬৪২২৬ (WhatsApp) ও ০১৫৫০০৬৪২২৭ সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনী সময়কালীন আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও অভিযোগের জন্য এই নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।