
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বদলি করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়।
প্রশাসনিক কারণে সদর দপ্তরে সংযুক্ত
অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।
পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
গুলশানে মিছিল, পুলিশের দিকে ককটেল
গত শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি ছত্রভঙ্গ করার উদ্যোগ নিলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন।
ঘটনার সময় পুলিশ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।