
ভোরের নীরবতা ভেঙে নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে সংঘবদ্ধ লুটের ঘটনা ঘটেছে—অস্ত্রের মুখে জিম্মি করে গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে গেছে দুর্বৃত্তরা, ফলে কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
রোববার (২৬ এপ্রিল) ভোরে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন পলাশ উপজেলার ঘোড়াশালের ভাগদী ২০ কেভি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। লুটের সময় চলমান লাইন থেকে তার কেটে নেওয়ায় ভাগদী, রাজাবোসহ অন্তত চারটি গ্রামে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, ভোরে ৫-৬ জনের একটি দল মোটরসাইকেলে করে উপকেন্দ্রে আসে। তারা সেখানে দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর তামার তার, ডিসকানেক্ট সুইসের বেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল এবং রাইজারের তার কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। ঘটনার পরপরই বিষয়টি পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ ও পলাশ থানা পুলিশকে জানানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।