
অনলাইন জুয়া ও নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেনে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। তবে অভিযানের সময় তিনি কৌশলে সটকে যান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৯ জুলাই ২০২৬ কেন্দ্রীয় ব্যাংকের এক অফিস আদেশে সহকারী পরিচালক মো. রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ২২ জুলাই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাইবার অপরাধ ও জুয়াসহ গুরুতর সব অভিযোগ পাওয়া গেছে। নিয়মানুযায়ী কোনো কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মামলা করলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত রাখার বিধান রয়েছে। সেই বিধির আলোকেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্ত থাকা অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।’
গোয়েন্দা পুলিশ ও কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রকিবুল হাসান রকি একাধিক ব্যাংকে বিভিন্ন হিসাব পরিচালনা করতেন। এসব হিসাবে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। তদন্তে ওই লেনদেনের একটি বড় অংশের সঙ্গে অনলাইন জুয়া ও দেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে।
তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি বিষয়টি টের পেয়ে কার্যালয় থেকে পালিয়ে যান বলে জানা গেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, রকিবুল হাসান রকি কর্মস্থলে বেশ চাপা স্বভাবের ছিলেন। সহকর্মীদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না এবং নিজের মতো কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এদিকে, অভিযোগের বিষয়ে মো. রকিবুল হাসান খান রকির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই অবৈধ লেনদেনের সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত আছে কি না, সেটিও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।