
দীর্ঘ আট বছরের যাত্রায় প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান ‘বেপিকলম্বো’। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থা (জেএএক্সএ)-এর যৌথ উদ্যোগে পাঠানো এই মহাকাশযানটি বর্তমানে গ্রহটিকে প্রদক্ষিণ করছে। সূর্যের এত কাছে থাকা সত্ত্বেও বুধের গর্তে কীভাবে বরফ টিকে রয়েছে, সেই রহস্যের সমাধান খোঁজার পাশাপাশি গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত গহ্বরগুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করবে বেপিকলম্বো।
বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের মুখে থাকে। এ কারণে এখন পর্যন্ত বুধ সম্পর্কে খুব বেশি অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। তবে বিজ্ঞানীরা আশা করছেন, এই অভিযানের মাধ্যমে গ্রহটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রহস্যের সমাধান পাওয়া যাবে।
লেস্টার ইউনিভার্সিটির অধ্যাপক এমা বান্স জানান, বৈজ্ঞানিকভাবে বুধ গ্রহকে জানার পেছনে অনেক কারণ রয়েছে। গ্রহটি কীভাবে সৃষ্টি হয়েছে, কীভাবে বিবর্তিত হয়েছে এবং বর্তমানে এর চেহারা কেমন—এসব বিষয় জানা জরুরি। পাশাপাশি সূর্যের সঙ্গে বুধের মিথস্ক্রিয়া এবং মহাকাশের চরম আবহাওয়ার প্রভাব কীভাবে গ্রহটি মোকাবিলা করে, তা জানাও গুরুত্বপূর্ণ।
২০১৮ সালে ফ্রেঞ্চ গায়ানা থেকে বুধের উদ্দেশে যাত্রা শুরু করে বেপিকলম্বো। সৌরজগতের গভীরে যাওয়ার পথে মহাকাশযানটিকে সূর্যের প্রবল মহাকর্ষীয় আকর্ষণের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। যাত্রাপথে এটি একবার পৃথিবী, দুবার শুক্র এবং ছয়বার বুধ গ্রহকে প্রদক্ষিণ করেছে। সাত বছরের মধ্যে বুধে পৌঁছানোর পরিকল্পনা থাকলেও প্রপালশন সিস্টেমের সমস্যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে এক বছর বেশি লেগেছে।
এখন পর্যন্ত মাত্র তিনটি মহাকাশযান বুধ গ্রহের কাছাকাছি পৌঁছেছে। ১৯৭০-এর দশকে ‘মেরিনার-১০’ নামের একটি মহাকাশযান তিনবার বুধের পাশ দিয়ে উড়ে যায়। এরপর ২০১১ সালে ‘মেসেঞ্জার’ মহাকাশযানটি গ্রহটির কক্ষপথে পৌঁছায়। তবে বুধ সম্পর্কে এখনো অনেক কিছু জানা বাকি রয়েছে।
বুধ গ্রহের আকার পৃথিবীর চাঁদের চেয়ে সামান্য বড়। প্রাচীন আগ্নেয়গিরি, সুউচ্চ খাড়া পাহাড় এবং বিশাল বিশাল গর্তে ঢাকা এর পৃষ্ঠ। গ্রহটিতে সময়ের হিসাবও বেশ অদ্ভুত। সূর্যের চারপাশে দ্রুত ঘোরার কারণে বুধের এক বছর পৃথিবীর মাত্র ৮৮ দিনের সমান। তবে নিজ অক্ষের ওপর ঘুরতে গ্রহটি অনেক বেশি সময় নেয়। ফলে বুধের এক দিন পৃথিবীর ৫৯ দিনের সমান।
গ্রহটির বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে হাজার হাজার গহ্বর। এগুলো অগভীর হলেও পাশগুলো বেশ খাড়া এবং প্রায়ই গুচ্ছাকারে দেখা যায়। গ্রহের সময়ের হিসাবে এসব গহ্বরের বয়স প্রায় এক লাখ বছর।
সূত্র: বিবিসি