
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ‘শেখ হাসিনা শতভাগ দেশে আসবেন’ লেখা রঙিন পোস্টারে ছেয়ে গেছে রাজবাড়ীর পাংশা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নজরুল ইসলামের পক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে শহরের বিভিন্ন স্কুল-কলেজ, বিদ্যুতের খুঁটিসহ নানা স্থাপনায় এসব পোস্টার সাঁটানো হয়।
শহরের বিভিন্ন স্থানে লাগানো পোস্টারের ছবি এবং নিজের পরিবারের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন নজরুল ইসলাম। এরপর মুহূর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়ে।
ফেসবুক পোস্টে নজরুল ইসলাম লেখেন, ‘আমার পরিবারের ৬ সদস্য। আমি, আমার মা-বাবা, ছোট ভাই ও তার স্ত্রীসহ দুই বছরের বাচ্চা। ৭ নভেম্বর মা নিয়ে মিছিল করার পর আমার মা-বাবা একখানে, আমি আলাদা, আমার ছোট ভাই আলাদা—আর বাড়িতে দুই বছরের বাচ্চাসহ তার স্ত্রী শুধুই একা। সঙ্গে প্রতিদিন পুলিশের দিন-রাত আনাগোনা। মনে হয় পুরা থানা আমার বাসায় এসে বসেছে।’
তিনি আরও লেখেন, ‘আমার বাড়ি থেকে ২০০ মিটার দূরে বিএনপি সরকারের এমপির বাড়ি। কোনোদিন ওনার বাড়ির আশপাশে কারোর সঙ্গে জুলুম তো দূরের কথা খারাপ ব্যবহার করিনি। আর আমার পরিবারের সঙ্গে প্রতিদিন এমন হচ্ছে।’
নজরুল ইসলাম আরও লেখেন, ‘আমরা শুধু পাংশা রাজবাড়ী নয়, পুরো বাংলাদেশে একদিন মুক্তি নিশানা উড়াবো। আজ পাংশা থানা, পৌরসভা গেইট, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পাংশা সরকারি কলেজ, উপজেলা চত্বর ও মেডিক্যাল চত্বরে শেখ হাসিনার প্রতিনিধিত্বে ব্যানার, স্টিকার ও পোস্টারিং!’
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে এমন পোস্ট দেখার পর তাৎক্ষণিক আমিসহ পুলিশের একাধিক টিম শহর ঘুরে কোথাও পোস্টার পাইনি। তারা কখন লাগিয়েছে আবার কখন এসব পোস্টার উধাও হয়েছে, তা জানা নেই। এ ছাড়া সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের সঙ্গে আমার কখনো কথাও হয়নি।’