
ঐতিহাসিক ৭ নভেম্বরকে বাংলাদেশের শত্রু ও মিত্র চিহ্নিত করার দিন হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিয়েছিল।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের নভেম্বরের ঘটনাপ্রবাহ তুলে ধরে তিনি বলেন, ওই মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিকতায় ২ নভেম্বর দিবাগত রাতে তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। স্বাধীনতার ঘোষককে বন্দি রেখে দেশের স্বার্থবিরোধী যে চক্রান্ত শুরু হয়েছিল, সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে। এ কারণে জাতীয়তাবাদী ও গণতন্ত্রকামী মানুষের কাছে ৭ নভেম্বর জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর।
তারেক রহমান ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে অভিহিত করেন। তাঁর ভাষায়, ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠী নির্বিশেষে বাংলাদেশের নাগরিকদের সবার পরিচয় এক—আমরা বাংলাদেশি। এই পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। বাংলাদেশ যত দিন থাকবে, সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের গুরুত্বও তত দিন প্রাসঙ্গিক থাকবে। তাঁর মতে, ৭ নভেম্বরের নায়ক দেশপ্রেমিক সিপাহী-জনতা।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান যেভাবে মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অংশ নিয়েছিলেন, ৭ নভেম্বরও একইভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছিলেন।
জাতীয় ঐক্য গঠনে তারুণ্যের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ না হলে কোনো দেশের জনগণের ঐক্য সুদৃঢ় হতে পারে না। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণেরা দেশের স্বার্থে আপসহীন থাকার প্রমাণ দিয়েছেন। এসব ঐতিহাসিক ঘটনাপ্রবাহে তাঁদের অবস্থান ছিল—সবার আগে বাংলাদেশ।
ভবিষ্যতে যাতে কেউ জনগণের অধিকার কেড়ে নিতে কিংবা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য অপরিহার্য। দেশের আর্থসামাজিক ও ভৌগোলিক বাস্তবতায় সেই ঐক্য ধরে রাখতে ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।
বর্তমান সরকার সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্র বিপন্ন হওয়ার প্রতিটি সময়ে ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় দেশ ঘুরে দাঁড়িয়েছে।