
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র এক সেশনেই চার উইকেট হারিয়েছে সফরকারীরা। ক্যারিবীয়দের ইনিংসে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ফাইফারের দেখা পেয়েছেন হাসান। দেশের মাটিতে এটি তার প্রথম পাঁচ উইকেট শিকার।
আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হলেও দ্বিতীয় দিনের খেলা শুরু হয় সময়মতো। তবে দিনের শুরুতেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের ব্যাটার সাদমান ইসলামকে।
মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেন আমির জাঙ্গু। বাউন্ডারির দিকে ছুটে গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করেন সাদমান। এ সময় তার বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। তীব্র ব্যথায় কাতরাতে থাকেন তিনি। মাঠে এসে ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই বাঁহাতি ব্যাটারকে।
এরপর বল হাতে ঝলক দেখান হাসান মাহমুদ। দিনের শুরুতেই টানা দুই বলে সেঞ্চুরিয়ান জাঙ্গু ও রস্টন চেজকে ফিরিয়ে দেন তিনি। এতে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দেওয়ার পর রিভিউ নিয়ে বেঁচে যান বিশপ।
তবে বেশিক্ষণ টিকতে পারেননি বিশপ। হাসানের বলে ২৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৫১ রান করা জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।
মধ্যাহ্ন বিরতির আগে ৯৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।