
ব্যাটিংয়ে ধীরগতির সংগ্রহের পর বোলিংয়েও অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানার দল। শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম বলেই ফারজানা হক আউট হলে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। এরপর সারমিন সুলতানা ৪ রান করে ফিরলে চাপে পড়ে দল। শারমিন আখতার ২৬ বলে ২৪ রান করে প্রতিরোধের চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
অধিনায়ক নিগার সুলতানা ৮৬ বলে ২৯ এবং স্বর্ণা আক্তার ৫০ বলে ২১ রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান আসে রিতু মনির ব্যাট থেকে। ৬৩ বলের ইনিংসে পাঁচটি চার মারেন তিনি। শেষ দিকে নাহিদা আক্তারের অপরাজিত ১৯ রানেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দারুণ সফল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড। ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। মেগান স্কুট ১০ ওভারে মাত্র ১৯ রান খরচায় শিকার করেন দুটি উইকেট। অ্যাশলি গার্ডনার ও তাহলিয়া ম্যাকগ্রা নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক শুরু করে অস্ট্রেলিয়া। জর্জিয়া ভল ১৮ বলে ১৯ রান করে ফিরলেও ফোবি লিচফিল্ডের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় দল। মাত্র ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৭ রান করেন তিনি।
লিচফিল্ড আউট হওয়ার পর এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ড বাকি কাজ শেষ করেন। পেরি ৪৫ বলে অপরাজিত ২৬ এবং সাদারল্যান্ড ২৩ বলে অপরাজিত ২৫ রান করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি ও রাবেয়া খান একটি উইকেট নেন।
এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া নারী দল।