
সিঙ্গাপুরের বিপক্ষে গোলের দেখা না পেয়ে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে রায়ান স্টুয়ার্টের প্রথমার্ধের গোলে জয় পায় সিঙ্গাপুর। এই হারে আসিয়ান কাপে টানা দ্বিতীয় পরাজয় হলো হামজা-জামালদের।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর সিঙ্গাপুরের বিপক্ষেও একই ফলের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। তবে আগের ম্যাচের তুলনায় এদিন অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছে লাল-সবুজের দল। শুরু থেকেই আক্রমণে ওঠার চেষ্টা করে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই কর্নার আদায় করে নেয় তারা। ১৫ মিনিটে রাকিব হোসেন বল নিয়ে বক্সে ঢুকলেও শেষ পর্যন্ত গোলের সুযোগ তৈরি হয়নি।
ম্যাচের ৩৫ মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে গোল পেয়ে যায় সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। এর দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করেছিল স্বাগতিকরা। তবে ডান দিকের শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ৪৭ মিনিটে সিঙ্গাপুরের একটি শট দারুণভাবে বারের ওপর দিয়ে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক মেহেদী হাসান। এরপর ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ।
৫৭ মিনিটে শেখ মোরছালিনকে তুলে মিনহাজুল করিমকে মাঠে নামান কোচ থমাস ডুলি। জাতীয় দলের হয়ে এটিই মিনহাজের অভিষেক। ৭১ মিনিটে শমিত সোমের বদলে সোহেল রানা এবং শুক্তি ইতোফুসার বদলে ফাহামিদুল ইসলাম মাঠে নামেন।
বদলি নেমেই বাঁ প্রান্তে গতি বাড়ান ফাহামিদুল। ৭৯ মিনিটে তাঁর ক্রস থেকে রাকিব হোসেন হেড নিলেও সিঙ্গাপুরের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। শেষ দিকে গোলের জন্য রক্ষণ ছেড়ে ওপরে উঠে আসেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভেদ করে কাঙ্ক্ষিত গোলটি আর পায়নি বাংলাদেশ।
শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের। দুই ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে বাংলাদেশ।
১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়া। সমান ৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আগামী ১ অক্টোবর ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে হামজা-জামালরা।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়া–মালয়েশিয়া ম্যাচে ড্র হলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এ কারণে পরের ম্যাচের আগে আরও কঠিন সমীকরণের সামনে পড়েছে হামজা-জামালদের দল।