
ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, নেইমার জুনিয়র নিজেই তাকে নিশ্চিত করেছেন যে জাতীয় দলের জার্সিতে আর ফিরতে চান না। ফলে বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের পর এখন তরুণ প্রতিভাদের কেন্দ্র করে দীর্ঘমেয়াদি দল গড়ার পরিকল্পনা করছেন আনচেলত্তি।
বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার পর থেকেই দলে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, "নিজের মানের কারণেই নেইমার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল, তবে সে আগেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। সে একজন অসাধারণ ও অনন্য প্রতিভাবান খেলোয়াড় ছিল, যাকে কখনো পুরোপুরি বিকল্প দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে এখন সময় এসেছে ব্রাজিলীয় তরুণদের দিকে মনোযোগ দেওয়ার।"
নেইমারের মতো প্রতিভার অভাব পূরণ করা সহজ নয়—এটা স্বীকার করলেও আধুনিক ফুটবলে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি। ব্যক্তিগত নৈপুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার পরিবর্তে পুরো দলকে সমন্বিতভাবে গড়ে তুলতে চান তিনি।
নেইমারকে প্রসঙ্গে কিছুটা কঠোর সুরে আনচেলত্তি বলেন, "আমার মনে হয় আধুনিক ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগত কাজ, কোনো একজন একক ফুটবলারের প্রতিভা নয়। আপনি যদি একজন দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড় পান, তবে জেতার সম্ভাবনা বাড়ে ঠিকই, কিন্তু আধুনিক ফুটবল দলগত পারফরম্যান্স ছাড়া চলতে পারে না।"
নেইমার অধ্যায় পেছনে ফেলে এখন ভবিষ্যতের ব্রাজিল দল গড়ার দিকেই মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি। ২০০৪, ২০০৫, ২০০৬ এমনকি ২০০৮ সালে জন্ম নেওয়া উদীয়মান ফুটবলারদের নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তরুণ প্রতিভাদের বিকাশে যুব দলের কোচদের সঙ্গেও সমন্বয় করে কাজ করার পরিকল্পনা রয়েছে আনচেলত্তির। আগামী প্রীতি ম্যাচগুলোতে নতুন মুখদের সুযোগ দিয়ে তাদের আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ করে তোলার পাশাপাশি ধীরে ধীরে একটি শক্তিশালী ও বিশ্বমানের ব্রাজিল দল গড়ে তুলতে চান তিনি।