
প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন বসনিয়ার কিংবদন্তি স্ট্রাইকার এদিন জেকো। আগামী অক্টোবরে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন দেশটির রেকর্ড গোলস্কোরার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি প্রকাশ করে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। আগামী ২ অক্টোবর নেশন্স লিগে ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে ম্যাচটিই হবে বসনিয়ার জার্সিতে জেকোর শেষ ম্যাচ।
জাতীয় দলের হয়ে নিজের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে জেকো বলেন, দেশের জার্সি পরার গর্বের সঙ্গে তাঁর ক্যারিয়ারের অন্য কোনো অর্জনের তুলনা হয় না। শৈশবের স্বপ্ন পূরণ করে ১৫১ ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।
২০০৭ সালের জুনে বসনিয়ার জাতীয় দলে অভিষেক হয় জেকোর। এরপর ১৫১ ম্যাচে করেছেন ৭৩ গোল। ম্যাচ ও গোল দুই ক্ষেত্রেই দেশের হয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তিনি।
জেকোর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন ২০১৪ বিশ্বকাপে বসনিয়ার জায়গা করে নেওয়া। সেটিই ছিল দেশটির ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে খেলা। সেই সাফল্যকে নিজের ক্যারিয়ারের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি।
২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েলস ও ইতালির বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন জেকো। সেই সময়ের স্মৃতি স্মরণ করে তিনি জানান, দেশের শহরগুলোর রাস্তায় মানুষের উচ্ছ্বাস দেখা ছিল ফুটবলের দেওয়া অন্যতম বড় উপহার।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের শেষ পর্যায়েও নিজেকে মেলে ধরেছেন জেকো। এ বছরের বিশ্বকাপেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে ৪০ বছর বয়সে বিশ্বকাপে খেলা জেকোর চেয়ে বেশি বয়সী ছিলেন কেবল লুকা মদ্রিচ, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রজার মিলা।
ক্লাব ফুটবলেও বর্ণিল ক্যারিয়ার রয়েছে জেকোর। ম্যানচেস্টার সিটি, রোমা ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবের হয়ে খেলেছেন তিনি। বর্তমানে জার্মান ক্লাব শালকের হয়ে খেলছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।
জাতীয় দল থেকে বিদায়ের আগে চলতি মাসের শেষ দিকে পোল্যান্ড ও রোমানিয়ার বিপক্ষেও মাঠে নামার সুযোগ রয়েছে জেকোর। এরপর ২ অক্টোবর সুইডেনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে বসনিয়ার জার্সিতে তাঁর ১৯ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটবে।