
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরই মধ্যে কলকাতার মাঠও পরিদর্শন করে গেছে দেশটির প্রতিনিধিরা। ভারত সফরের পাশাপাশি বাংলাদেশ নিয়েও পরিকল্পনা রয়েছে সেলেসাওদের।
রোববার (২৩ আগস্ট) এর অংশ হিসেবে হঠাৎ ঢাকায় আসে ব্রাজিলের একটি প্রতিনিধি দল।
বিকেল ৩টার দিকে তারা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করে। সেখানে মাঠের ঘাস, ড্রেসিংরুম, মিডিয়া বক্স ও গ্যালারি ঘুরে দেখেন তারা। এমনকি ডাগআউট ও গ্যালারির চেয়ারে বসেও মাঠের পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে কিংস অ্যারেনা পরিদর্শন শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিরা।
১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো। এই সময়ের মধ্যে একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ফিফা উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। তবে ব্রাজিলের প্রতিনিধি দল কিংবা বাফুফের কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ব্রাজিল আগামী ৫ অথবা ৬ অক্টোবর ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এদিকে, ৩ অক্টোবর ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ওই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায় বাফুফে তাৎক্ষণিকভাবে ব্রাজিলকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।