
মরোক্কান বংশোদ্ভূত সুহাইলা আল-তাহিরির সঙ্গে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রবার্তো কার্লোস।
সম্প্রতি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী আলেম শায়খ জিহাদ হামাদের সঙ্গে সাক্ষাৎ করে শাহাদাহ পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্য আলী শাহিন সাও পাওলোর একটি মুসলিম যুব সংগঠনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ দাবি প্রকাশ করলে বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।
তবে এ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন রবার্তো কার্লোস। সৌদি সংবাদপত্র ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসলাম ধর্মের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নিয়মিত নামাজ আদায় করতে দেখা এক অসাধারণ অনুভূতি। তবে আমার ইসলাম ধর্ম গ্রহণের যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।”
বিয়ের অনুষ্ঠান নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যাও দিয়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তিনি জানান, তাদের বিয়ের আয়োজন একাধিক ধর্মীয় রীতিতে সম্পন্ন হয়েছিল। কার্লোসের পরিবারের সদস্যরা ক্যাথলিক খ্রিস্টান হওয়ায় তাদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির প্রতি সম্মান রেখে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। একই সঙ্গে তার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাসকে সম্মান জানাতে আলাদাভাবে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
কার্লোসের বক্তব্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে ভিন্ন ধর্মীয় রীতির উপস্থিতিই সম্ভবত তার ইসলাম গ্রহণের গুঞ্জনের সূত্রপাত করেছে। তবে তিনি স্পষ্ট করেছেন, ইসলাম গ্রহণের খবরের কোনো সত্যতা নেই।