
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে চার দিনের লড়াইয়ে হার মেনেছে অস্ট্রেলিয়া। ম্যাচের ১১টি সেশনেই ব্যাট-বল হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। এমন বড় পরাজয়ের পর কোনো অজুহাত না তুলে বাংলাদেশের আধিপত্যই স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ।
ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, ‘আমরা তাদের কাছে পুরোপুরি পরাস্ত হয়েছি।’
বাংলাদেশের বোলিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘বেশ সহজ ব্যাপার, আমরা পুরোপুরি পরাস্ত হয়েছি। প্রথম সকালে বাংলাদেশ খুব ভালো বোলিং করেছে, তারা ছিল ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমাদের ব্যাটাররা সম্ভবত যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ ছিল না।’
প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং নিয়েও ইতিবাচক মন্তব্য করেন স্মিথ। তাঁর ভাষায়, ‘তারা খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের সামনে অনেক রান তুলে দিয়েছে। গতকাল এমন একটি উইকেটে ব্যাট করার সুযোগ থাকলেও আমরা সেই রানটা তুলে নিতে পারিনি। কয়েকজন শুরু পেয়েছিল, কিন্তু সেটিকে বড় ইনিংসে পরিণত করতে পারেনি। গ্রিনিকে আমার মনে হয়েছে খুব ভালো ব্যাটিং করেছে, সেঞ্চুরি করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো ব্যাটার ছিল না।’
ম্যাচে লড়াই ধরে রাখতে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে অন্তত ২০০ রানের লিড প্রয়োজন ছিল বলেও মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘আমাদের সম্ভবত অন্তত ২০০ বা তার বেশি রানের লিড দরকার ছিল ম্যাচে থাকার জন্য। কিন্তু আমরা সেটা করতে পারিনি। যেমনটা বললাম, বাংলাদেশ আমাদের পুরোপুরি পরাস্ত করেছে।’
তবে এই হারকে দীর্ঘমেয়াদি ব্যর্থতা হিসেবে দেখছেন না স্মিথ। বরং এটিকে সাময়িক খারাপ সময় হিসেবে দেখার কথা জানিয়েছেন তিনি। স্মিথ বলেন, ‘আমি আশা করি এটা শুধু একটা খারাপ সপ্তাহ। আমরা এক নম্বর দল হওয়ার একটা কারণ আছে। দীর্ঘ সময় ধরে আমরা খুব ভালো ও ধারাবাহিক ক্রিকেট খেলেছি। এই সপ্তাহটা ছিল একটু ব্যতিক্রম।’