
ব্রাজিলে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ১৫ বছর বয়সী ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্লাবটি।
শনিবার (১ আগস্ট) আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরের পন্তাল দা বাররা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানায়, একটি প্রীতি ম্যাচে খেলতে নেমে বন্দুকধারীদের গুলিতে আহত হন মিকায়েল লিয়ান্দ্রো। গুরুতর অবস্থায় তাকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ব্রাজিলের সিভিল পুলিশ জানিয়েছে, হামলার মূল লক্ষ্য মিকায়েল ছিলেন না। ভুলবশত তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে তদন্তকারীদের ধারণা।
আলাগোয়াসের বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। পরে তিনি নিজ শহরে ফিরে সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে অনুশীলন শুরু করেন।
মিকায়েলের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সাও পাওলো ক্লাব। এক বিবৃতিতে ক্লাবটি তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানায় এবং হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তোলে।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে আলাগোয়াসের হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশন। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে পুলিশের বিশ্বাস, মিকায়েল ওই হামলার লক্ষ্যবস্তু ছিলেন না।
ঘটনায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের পরিচয় কিংবা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।