
সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দলের পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর অধিনায়ক পরিবর্তনের যে আলোচনা চলছিল, সেটিই শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিল। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।
বুধবার (২৯ জুলাই) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পালন করে আসছিলেন লিটন। নতুন দায়িত্ব পাওয়ার পর এখন থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন তিনি।
এদিকে ওয়ানডে দলের নতুন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। তবে টেস্ট দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। এই ফরম্যাটে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত।
বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’