
বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত স্পেনের হাতে গেলেও আর্জেন্টিনা দলের লড়াইকে জাতীয় গৌরব হিসেবে দেখছে দেশটির সরকার। ফাইনালে পরাজয়ের পরও খেলোয়াড়দের বীরের মর্যাদায় বরণ করে নিতে জাতীয় দলের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে। একই সঙ্গে দেশজুড়ে প্রস্তুতি চলছে দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানোর।
সোমবার (২০ জুলাই ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জাতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান প্রেসিডেন্ট মিলে।
তিনি লেখেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।’
প্রেসিডেন্টের মতে, বিশ্বকাপ ট্রফি জিততে না পারলেও পুরো আসরে জাতীয় দল যে ঐক্য, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, সেটিই দেশের মানুষের জন্য সবচেয়ে বড় গর্ব।
সরকার জানিয়েছে, জাতীয় দলকে স্বাগত জানাতে এবং সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দলের দেশে ফেরার সময়সূচি এবং খেলোয়াড়দের প্রস্তুতির সঙ্গে সমন্বয় করে দিন নির্ধারণ করা হবে।
এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, ‘খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর হবে।’
রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপ ফাইনালের পর হতাশা থাকাটা স্বাভাবিক হলেও সময়ের সঙ্গে সঙ্গে এই অর্জনের প্রকৃত মূল্য আরও স্পষ্ট হবে।
তার ভাষায়, ‘আমি জানি, এই মুহূর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য সময়টা কঠিন। কিন্তু প্রাথমিক হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা আসলে কত বড় একটি অর্জন নিয়ে দেশে ফিরছে। এই দল আমাদের যে মানসিকতা ও লড়াইয়ের শিক্ষা দিয়েছে, তা অমূল্য।’