
২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে রেফারিং নিয়ে একের পর এক বিতর্কের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ম্যাচ পরিচালনা প্রসঙ্গেই সতর্ক অবস্থান জানালেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার ভাষ্য, বিশ্বকাপের ফাইনালের মতো মঞ্চে নিয়ম প্রয়োগে কোনো ধরনের শিথিলতা বা পক্ষপাতিত্বের সুযোগ থাকা উচিত নয়।
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এই ম্যাচ সামনে রেখে স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনালের দায়িত্বপ্রাপ্ত স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিককে ঘিরে নিজের প্রত্যাশার কথা তুলে ধরেন দে লা ফুয়েন্তে।
চলতি বিশ্বকাপে একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত, ভিএআরের ব্যবহার এবং ম্যাচ পরিচালনা নিয়ে কোচ, খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগও উঠে আসে।
এ প্রসঙ্গে স্পেন কোচ বলেন, ‘রেফারি মাঠে কোনো ধরনের শৈথিল্য দেখাতে পারেন না এবং নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করতে দেওয়া যাবে না।’
তবে রেফারিদের প্রতি নিজের আস্থার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি। দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। তবে তার চেয়েও বেশি আস্থা আছে আমার দলের ওপর। কারণ আমরা জানি, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কী ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়।’
উল্লেখ্য, স্লাভকো ভিনচিকই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন, যেখানে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সৌদি আরব।
ফাইনাল নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে স্পেন কোচ বলেন, বিশ্ব ফুটবলের বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দুই দলের লড়াই দেখবে সমর্থকরা। তার বিশ্বাস, দুই দলের আক্রমণাত্মক মানসিকতা ও উচ্চমানের ফুটবল দর্শকদের উপভোগ্য একটি ম্যাচ উপহার দেবে।
তার ভাষায়, ‘এটি অসাধারণ একটি ফুটবল প্রদর্শনী হতে যাচ্ছে। দুটি দলই নিজেদের সেরাটা তুলে ধরার চেষ্টা করবে। আমরা আশা করি, রেফারি ম্যাচের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় দক্ষতার সঙ্গে সামলাবেন, যাতে বিশ্বকাপ ফাইনালের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ম্যাচ উপভোগ করতে পারে ফুটবল বিশ্ব।’
তথ্যসূত্র: স্পোর্ত।
রেডফ্ল্যাগ শব্দ: নেই