
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে রোববার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে এই ফাইনাল শুধু দলগত সাফল্যের লড়াই নয়, লিওনেল মেসির ব্যক্তিগত ক্যারিয়ারেও হতে পারে ইতিহাস গড়ার মঞ্চ। স্পেনের বিপক্ষে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে খুলে যাবে অন্তত ১১টি নতুন রেকর্ডের দুয়ার।
৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনিই হবেন বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। যদিও সব মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলার রেকর্ডটি এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।
স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুইবার ফাইনালে অধিনায়ক ছিলেন। সব মিলিয়ে ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তিও গড়বেন মেসি।
এই ম্যাচে জিতে শিরোপা ধরে রাখতে পারলে প্রথম অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়বেন তিনি। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা। পাশাপাশি টানা দুইবার বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন মেসি।
ফাইনালে একটি গোল করলেই আরও দুটি রেকর্ড হাতছানি দিচ্ছে। তিনি হয়ে যাবেন বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার, যা বর্তমানে সুইডেনের নিলস লিডহোমের দখলে। একই সঙ্গে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ আট গোলের রেকর্ডও ভেঙে ফেলবেন।
আর যদি জোড়া গোল করতে পারেন, তাহলে এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলকে পৌঁছে যাবেন মেসি। ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য এটি হবে প্রথম এমন অর্জন। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করার কৃতিত্ব রয়েছে শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলারের।
২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল পেলে ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করার কীর্তি গড়বেন। দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে জায়গা করে নেবেন। আর হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।
এ ছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে চ্যাম্পিয়ন দলের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিতে পারবেন মেসি। বর্তমানে ২০০২ বিশ্বকাপে আট গোল করে এই কীর্তির মালিক ব্রাজিলের কিংবদন্তি রোনালদো।
সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের এই ফাইনাল শুধু শিরোপা নির্ধারণী ম্যাচ নয়, লিওনেল মেসির জন্য রেকর্ডের পাতায় নতুন অধ্যায় লেখারও বিরল এক সুযোগ।