
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে ফ্রান্স। প্রতিপক্ষের পারফরম্যান্সের প্রশংসা করলেও ম্যাচ শেষে রেফারি ইভান বার্টনের সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম ও অধিনায়ক কিলিয়ান এমবাপে।
বিতর্কের সূত্রপাত ম্যাচের ২১তম মিনিটে। মার্ক কুকুরেয়ার ক্রস থেকে ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে লুকা দিন লামিনে ইয়ামালকে ফাউল করেন। সেই ফাউলের পর স্পেন পেনাল্টি পায় এবং মিকেল ওয়ারসাবাল গোল করে দলকে এগিয়ে দেন। তবে ফরাসি শিবিরের দাবি, ফাউলের ঠিক আগে বলটি স্পষ্টভাবে ইয়ামালের হাতে লেগেছিল, যা ভিএআরে পর্যালোচনা করা হয়নি।
ম্যাচ শেষে মিক্সড জোনে ক্ষোভ প্রকাশ করে এমবাপে বলেন, "আমরা সবাই মাঠে পরিষ্কার দেখেছি যে বলটা ওর (ইয়ামাল) হাতে লেগেছিল। কিন্তু আমরা বুঝলাম না ভিএআর কেন সেটা চেক করল না বা মাঠের রেফারি কেন এত তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলেন! বিশ্বকাপের সেমিফাইনালের মতো একটি মঞ্চে এই ধরনের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"
রেফারির পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "সাইডলাইনের চতুর্থ এবং পঞ্চম অফিশিয়ালরা খুবই উঁচু মানের ছিলেন, তাদের সাথে ম্যাচ চলাকালীন আমার কথাও হয়েছে। কিন্তু মাঠের ভেতরের মূল রেফারি... আমি নিজে সরাসরি বিতর্ক বাড়াব না, তবে আপনাদের কাছেই প্রশ্ন রাখছি—বিশ্বকাপের সেমিফাইনালের মতো এত বড় একটা ম্যাচ পরিচালনার ন্যূনতম যোগ্যতা কি ওনার ছিল?"
তবে রেফারিং নিয়ে ক্ষোভ থাকলেও নিজেদের দুর্বলতার কথাও স্বীকার করেছেন দেশম। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "খুব স্বাভাবিকভাবেই বলতে হয়, এই স্পেন দলটা অত্যন্ত শক্তিশালী এবং আজ রাতে তারা মাঠে সেটাই প্রমাণ করেছে। আমরা আমাদের স্বাভাবিক লেভেলের চেয়ে কিছুটা নিচে খেলেছি, আগের ম্যাচগুলোর চেয়ে আজ বেশি টেকনিক্যাল ভুল করেছি। এমনকি শারীরিকভাবেও আমরা ওদের চেয়ে এক ধাপ পিছিয়ে ছিলাম।"
পুরো ম্যাচে স্পেনের মাঝমাঠের নিয়ন্ত্রণের সামনে ফ্রান্সকে বেশ অসহায় দেখিয়েছে। কিলিয়ান এমবাপে, ওসমানে দেম্বেলে এবং মাইকেল অলিসেদের কার্যকরভাবে আটকে রাখার জন্য স্প্যানিশ রক্ষণভাগের প্রশংসাও করেছেন দেশম। তিনি বলেন, "আমরা জানতাম স্পেনের মান কেমন। ওদের হারাতে হলে আমাদের নিজেদের সেরাটা দিতে হতো। কিন্তু আমরা তা দিতে পারিনি। ওরা আমাদের পাসের দিকগুলো খুব ভালো রিড করছিল এবং মাঝপথে বল ইন্টারসেপ্ট করে আমাদের ছন্দটাই নষ্ট করে দিয়েছে।"