
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। পরিসংখ্যান বলছে, সুইসদের বিপক্ষে এখন পর্যন্ত একবারও হারেনি আলবিসেলেস্তেরা।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। উল্লেখযোগ্য বিষয় হলো, এই স্টেডিয়ামেই এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা।
দুই দলের মধ্যে এখন পর্যন্ত সাতটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছে দল দুটি।
প্রথম দেখায় ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের শেষ ষোলোয় আবারও মুখোমুখি হয় দুই দল। নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১১৮তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে এঞ্জেল ডি মারিয়ার গোলেই ১-০ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
এবারের দলে ডি মারিয়া না থাকলেও রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি।
২০১৪ সালের সেই ম্যাচের তিন ফুটবলার এবারও মাঠে নামতে পারেন। তারা হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা এবং অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেজ।
অতীতের পরিসংখ্যান আর্জেন্টিনার পক্ষে থাকলেও, নকআউট পর্বের লড়াইয়ে ইতিহাসের চেয়ে মাঠের পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে সেমিফাইনালের টিকিট।