
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই যতই উত্তপ্ত হোক, কিলিয়ান এমবাপ্পের কাছে ব্যক্তিগত পুরস্কারের চেয়ে ফ্রান্সের শিরোপা অভিযানই বেশি গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সঙ্গে সমান অবস্থানে থাকলেও নিজের মনোযোগ দলের লক্ষ্যেই রাখার কথা জানিয়েছেন এই ফরাসি তারকা।
গ্রুপ পর্বে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৬ গোল করে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। পরে শেষ ষোলোর ম্যাচে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে ৬ গোল নিয়ে মেসির পাশে উঠে আসেন ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এদিকে ৫ গোল নিয়ে তাদের পেছনে রয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড।
সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে গোল্ডেন বুটের প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে এমবাপ্পে জানান, তার ভাবনায় ব্যক্তিগত রেকর্ড নয়, বরং ফ্রান্সের পরবর্তী চ্যালেঞ্জই বেশি গুরুত্ব পাচ্ছে।
এমবাপ্পে বলেন, ‘আমি বিশ্বাস করি, লিও মেসি আরও গোল করবে। তাই গোল্ডেন বুট নিয়ে আমি খুব বেশি ভাবছি না। বরং আমাদের পরবর্তী প্রতিপক্ষ কে হতে পারে এবং আমরা কত দূর যেতে পারব, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
৩৯ দিনব্যাপী ১০৪ ম্যাচের এই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২০ জুলাই নিউজার্সিতে। সেই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার লক্ষ্যও পুনর্ব্যক্ত করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
তিনি বলেন, ‘আগেও বলেছি, আমরা যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য এখানেই ফাইনাল খেলা।’
এমবাপ্পের মতে, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই একজন ফুটবলারের সবচেয়ে বড় অর্জন।
তার ভাষায়, ‘আমরা প্রতিটি ম্যাচ জিতে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অবশ্যই বেশি গোল করলে গোলদাতাদের তালিকায় ওপরে থাকা যায়। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে জেতানো।’