
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পনে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল প্রোগ্রেসো শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ক্যালিফোর্নিয়া উপসাগরীয় অঞ্চলে কম্পনটি অনুভূত হয়।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে হওয়ায় এর কম্পন আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, অগভীর গভীরতায় সৃষ্ট ভূমিকম্প সাধারণত বেশি এলাকায় অনুভূত হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা বা নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।