
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল জাপান। হাঁটুর চোটের কারণে দলের অন্যতম সেরা তারকা উইঙ্গার তাকেফুসা কুবো এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না।
বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় হিউস্টনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে জাপান। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, পুরোপুরি সুস্থ না হওয়ায় কুবোকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছে না দল।
গ্রুপ পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে হাঁটুতে চোট পান ‘জাপানের মেসি’ নামে পরিচিত এই উইঙ্গার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও তাকে বিশ্রামে রাখা হয়। রোববার তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাননি।
কুবোর সর্বশেষ অবস্থা জানিয়ে মরিয়াসু বলেন, ‘সে এখন শুধু হালকা দৌড় ও ব্যক্তিগত অনুশীলন শুরু করেছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলছে না। আমরা চাই সে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ফিরে আসুক, সেও সেটাই চায়।’
কুবোকে ছাড়াই ‘এফ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জাপান। টানা তৃতীয়বার এবং গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চতুর্থবারের মতো শেষ বত্রিশে খেলতে নামা দলটির সামনে এবার অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কঠিন পরীক্ষা।
তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে ভীত নন কোচ মরিয়াসু। তার বিশ্বাস, সুযোগ কাজে লাগাতে পারলে ইতিহাস গড়তে সক্ষম জাপান।
তিনি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শীর্ষ পর্যায়ের দল। অনেকেই আমাদের আন্ডারডগ ভাবছে। আমরা সেটি মাথায় রেখেই খেলব।’
নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে মরিয়াসু আরও বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করি, তবে আগের ম্যাচে আমরা নিজেদের সামর্থ্য দেখিয়েছি। এবারও সুযোগ থাকলে আমরা ইতিহাস বদলাতে চাই।’