
বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতির মধ্যেও মানবিক উদ্যোগে প্রশংসিত হচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকারও বেশি) অনুদান দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও ডটকম এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেইমারের দেওয়া অর্থ জরুরি উদ্ধার অভিযান, দুর্গতদের খাদ্য ও বিশুদ্ধ পানীয় সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।
এল সুমারিও ডটকমকে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে।’ একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শক্তি ও স্বস্তি বয়ে আনবে।
অন্যদিকে, সিএনএনের তথ্য অনুযায়ী, ভেনেজুয়ায় সংঘটিত এই ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১,৪৩০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ। বহু মানুষ বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। পরাঘাতের আশঙ্কা এবং ভারী উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে উদ্ধার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে নেইমারের আর্থিক সহায়তা দুর্গত মানুষের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও এগিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে জানিয়েছেন, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার আগের তুলনায় বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে একদিকে যেমন মাঠে ফেরার অপেক্ষায় আছেন নেইমার, অন্যদিকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ফুটবলের বাইরেও কুড়াচ্ছেন ব্যাপক প্রশংসা।