
বিশ্বকাপের নকআউট পর্ব শুরু মানেই বাড়তি উত্তেজনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াতে পারে পেনাল্টি শুটআউটে, যেখানে একটি মাত্র শটই নির্ধারণ করে দিতে পারে জয়-পরাজয়।
ফুটবল ইতিহাসে এমন অনেক ম্যাচ রয়েছে, যার ভাগ্য নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও তার অন্যতম উদাহরণ। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে আর্জেন্টিনা ও ফ্রান্স ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচটি গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে ৪-২ ব্যবধানে জিতে বিশ্বকাপের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
তবে শুধু টাইব্রেকার নয়, ম্যাচ চলাকালীন পাওয়া একটি পেনাল্টিও পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। তাই বিশ্বকাপের মতো বড় আসরে পেনাল্টি নেওয়ার সঠিক কৌশল এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পরিসংখ্যান ও বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সফল পেনাল্টির পেছনে কেবল শক্তিশালী শট নয়, বরং শটের দিক নির্বাচন, আত্মবিশ্বাস, মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতা এবং গোলরক্ষকের গতিবিধি পর্যবেক্ষণের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচে এই বিষয়গুলো আরও বেশি গুরুত্ব পাবে। কারণ একটি সফল কিংবা ব্যর্থ পেনাল্টিই কোনো দলের স্বপ্ন ভেঙে দিতে পারে, আবার অন্য দলকে পৌঁছে দিতে পারে শিরোপার আরও কাছাকাছি।
সূত্র: দ্য গার্ডিয়ান