
বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম দিলেন ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। আলোচিত এই তান্ত্রিকের দাবি, শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় চমক দেখাবে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
এর আগে বিশ্বকাপে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার–কে দেওয়া সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন। তার ভাষ্য ছিল, এর ফলে কেন ওই ম্যাচে গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে ম্যাচটিতে হ্যারি কেন গোল করতে ব্যর্থ হন এবং প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ে শেষ হয়।
নতুন এক সাক্ষাৎকারে বোন্সাম এবার আরও বড় ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’ তবে এই ম্যাচে তিনি কোনো ধরনের ‘কালো জাদু’ প্রয়োগ করবেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নজর কেড়েছে কেপ ভার্দে। শক্তিশালী রক্ষণভাগ ও গোলকিপারের নৈপুণ্যে তারা স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করে নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট। এবার আর্জেন্টিনার বিপক্ষে আরও একটি অঘটন ঘটানোর স্বপ্ন দেখছে আফ্রিকার প্রতিনিধিরা।