
দীর্ঘ ১৯ বছরের বিরতির পর আবারও আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে আফ্রিকান দল আলজেরিয়ার বিপক্ষে, যা নিয়ে দুই দলের অতীত লড়াই ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফিফা র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকা আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশনে নামছে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ও আলজেরিয়ার মুখোমুখি লড়াই খুব বেশি নয়। ইতিহাস বলছে, এটি হবে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ।
এর আগে ২০০৭ সালের ৫ জুন বার্সেলোনার ক্যাম্প ন্যুতে আলফিও বাসিলের অধীনে আলজেরিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটি ছিল একটি প্রস্তুতিমূলক পরীক্ষা, যেখানে খেলেছিলেন রবার্তো আয়ালা, সেবাস্টিয়ান ভেরন, রোমান রিকুয়েলমের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি লিওনেল মেসি ও ফার্নান্দো গ্যাগোদের মতো তরুণরা।
সেদিন আর্জেন্টিনা একাদশে ছিলেন রবার্তো আবোনদানজিয়েরি, গ্যাব্রিয়েল মিলিতো, রবার্তো আয়ালা, নিকোলাস বুরদিসো, হাভিয়ের পিনোলা, হাভিয়ের জানেত্তি, ফার্নান্দো গ্যাগো, এস্তেবান ক্যাম্বিয়াসো, লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও ডিয়েগো মিলিতো।
ম্যাচের শুরুতেই দেড় মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তেভেজ। তবে মাত্র ৯ মিনিট পরই আনথার ইয়াহিয়াহ গোল করে সমতা ফেরান আলজেরিয়ার জন্য। প্রথমার্ধ শেষের আগে মাজিদ বুঘেরা গোল করে এগিয়ে দেন আফ্রিকান দলটিকে।
এরপর ম্যাচে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। তিন মিনিটের ব্যবধানে মেসি ও ক্যাম্বিয়াসো গোল করে আবারও লিড এনে দেন দলকে। পরে ৭৩ মিনিটে মেসির আরেকটি গোল আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত করে দেয়। শেষ দিকে বেলহাদজ একটি গোল করলেও ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
১৯ বছর পর আবার মুখোমুখি হতে যাওয়া এই লড়াইয়ে ইতিহাস ও পরিসংখ্যান দু’দলের জন্যই বাড়তি অনুপ্রেরণা। আর্জেন্টিনা চাইবে শিরোপা রক্ষার মিশন শুরু করতে, আর আলজেরিয়া চাইবে অতীতের সেই লড়াকু ম্যাচকে পুঁজি করে বড় চমক দেখাতে।